ওসমান হাদীকে গুলিবিদ্ধের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- প্রকাশঃ ০১:২৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
- / 110
ওসমান হাদীকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল। শনিবার শহরের পুরাতন বাসস্টেশন থেকে মিছিলটি শুরু হয়ে আলফাত স্কয়ারে সমাবেশে মিলিত হয়। জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। ছবি: সংগৃহীত
সুনামগঞ্জে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনরা ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গুলিবিদ্ধ করার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। একই সঙ্গে চট্টগ্রাম-৮ আসনের মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর ওপর হামলার ঘটনাকেও কঠোরভাবে নিন্দা জানানো হয়।
শনিবার সকাল ১১টায় শহরের পুরাতন বাসস্টেশন এলাকার বিএনপি দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মাসুক আলম। তিনি বলেন, নির্বাচন তফসিল ঘোষণার পরপরই একটি সন্ত্রাসী চক্র পরিকল্পিতভাবে হামলা চালিয়ে নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। এসব হামলার মাধ্যমে দেশে ভীতি ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা করা হচ্ছে।
অ্যাডভোকেট মাসুক আলম আরও বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে। কিন্তু একটি অশুভ শক্তি নির্বাচনকে বানচাল করতে সহিংসতার পথ বেছে নিয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে এসব ষড়যন্ত্র প্রতিহত করা হবে।
সমাবেশে বক্তারা অবিলম্বে হামলার সুষ্ঠু তদন্ত, দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, সহিংস রাজনীতি গণতন্ত্রের জন্য হুমকি এবং তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
বিক্ষোভ ও সমাবেশে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং ঘটনার প্রতিবাদে বিভিন্ন ধরনের স্লোগান দেন।


















