নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের পুনর্গঠন সম্ভব: মিলন
- প্রকাশঃ ০৯:১৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- / 99
সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হলে ছাতক ও দোয়ারাবাজারে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে দরিদ্র ও ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নিয়মিত আর্থিক অথবা খাদ্য সহায়তা নিশ্চিত করা হবে।
বুধবার বিকেলে বোগলাবাজার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, বর্তমান কঠিন অর্থনৈতিক বাস্তবতায় সাধারণ মানুষের ন্যূনতম চাহিদা পূরণে কার্যকর ও সুনির্দিষ্ট সামাজিক নিরাপত্তা ব্যবস্থা জরুরি। তিনি নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান। বিশেষ করে ছাতক–দোয়ারাবাজারের সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বন্যা প্রতিরোধ এবং কৃষি সেচ প্রকল্প বাস্তবায়নে জোর দেওয়া হবে।
তিনি আরও বলেন, স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে সহায়তার মাধ্যমে অর্থনৈতিক পুনর্গঠন সম্ভব। এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নে কাজ করা হবে।
জেলা বিএনপির সাবেক উপদেষ্টা শফিকুল আলম সালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল আলম ও উপজেলা ছাত্রদলের সদস্য জহিরুল ইসলাম সানি। সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান সামছুল হক নমু, জেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান এম এ বারী, উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খসরু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাস্টার সবির আহমদ।
অনুষ্ঠানে উপজেলা ও বোগলাবাজার ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ স্থানীয় জনগণ অংশ নেন। আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।





























