তাহিরপুরে কয়লাবাহী ট্রাকের চাপায় যুবক নিহত
- প্রকাশঃ ০৯:২৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
- / 76
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাঁও স্থল শুল্ক স্টেশন এলাকায় কয়লাবাহী ট্রাকের চাপায় এক যুবক প্রাণ হারিয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সোলেমান মিয়া (২১)। তিনি চারাগাঁও গ্রামের মনা মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে চারাগাঁও শুল্ক স্টেশন এলাকায় ভারত থেকে আসা একটি কয়লাবাহী ট্রাক সোলেমানকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তাহিরপুর থানা পুলিশ।
ঘটনার বিষয়ে চারাগাঁও কয়লা আমদানিকারক সমিতির সিনিয়র সহ-সভাপতি শামসুল হক জানান, দুর্ঘটনার সময় তিনি এলাকায় ছিলেন না। তবে স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জেনেছেন যে, একটি ভারতীয় কয়লাবাহী ট্রাকের নিচে পড়েই ওই যুবকের মৃত্যু হয়েছে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে এ ঘটনায় সোমবার সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি বলে জানান তিনি।
এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।





























