উদীচী, ছায়ানট ও গণমাধ্যমে হামলার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ
- প্রকাশঃ ০৩:৩৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
- / 96
ছবি: প্রজন্ম কথা
উদীচী, ছায়ানটসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও গণমাধ্যমে সাম্প্রতিক হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সুনামগঞ্জ জেলা সংসদ। বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টায় সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা সংস্কৃতি ও গণমাধ্যমের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে তারা সংস্কৃতি ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
বক্তারা বলেন, সংস্কৃতি ও গণমাধ্যম একটি গণতান্ত্রিক সমাজের মৌলভিত্তি। এই দুই ক্ষেত্রের ওপর ধারাবাহিক হামলা গণতন্ত্র, মুক্তচিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি। তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে সাংস্কৃতিক সংগঠন ও সাংবাদিকদের কণ্ঠরোধের অপচেষ্টা চালানো হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সমাবেশ থেকে অবিলম্বে সব হামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি জাহাঙ্গীর আলম, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক খলিল রহমানসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।


















