সিন্ডিকেট বৈঠক শেষে চেম্বার আদালতের রায়ের পরদিনই শাকসু নির্বাচন
- প্রকাশঃ ০১:১৮:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- / 20
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (সাস্ট) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন নিয়ে জরুরি সিন্ডিকেট বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, নির্বাচন স্থগিত সংক্রান্ত বিষয়ে চেম্বার আদালতের রায় পাওয়ার পরদিনই ভোট গ্রহণের আয়োজন করা হবে।
সোমবার (১৯ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক জহির বিন আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, তিনজন শিক্ষার্থীর করা রিটের প্রেক্ষিতে হাইকোর্ট চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত করেছেন। এ আদেশের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন চেম্বার আদালতে আপিল করেছে।
অধ্যাপক জহির বিন আলম বলেন, “আমরা শিক্ষা মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। মঙ্গলবার পুনরায় আবেদন করা হবে। চেম্বার আদালত সিদ্ধান্ত দিলে আমরা পরদিনই নির্বাচন করব, কারণ নির্বাচন কমিশনের সব প্রস্তুতি সম্পন্ন।”
এর আগে রাত সাড়ে আটটায় শুরু হওয়া জরুরি সিন্ডিকেট বৈঠক রাত সাড়ে নয়টায় শেষ হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রশাসন আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছিল। বৈঠক শেষে শিক্ষার্থীরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘ ২৮ বছর পর মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৯টায় শাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হওয়ার কথা ছিল। তবে দুজন প্রার্থী ও এক শিক্ষার্থীর রিটের পরিপ্রেক্ষিতে নির্বাচন স্থগিত হয়।
নির্বাচন স্থগিতের পর বেলা তিনটার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। এতে উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে অবরোধ প্রত্যাহার করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন।
এছাড়া সকাল থেকে ছাত্রশিবির-সমর্থিত ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’, ‘সাধারণের ঐক্যস্বর’ প্যানেল, স্বতন্ত্র প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীরা নির্বাচন স্থগিতের বিরুদ্ধে বিক্ষোভ চালান।
আন্দোলনের একপর্যায়ে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়ায় উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষসহ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী অবরুদ্ধ হয়ে পড়েন। রাত সাড়ে ১০টা পর্যন্ত তাঁরা সেখানে অবস্থান করছিলেন।





























