সুনামগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থীর প্রচার গাড়িতে হামলার অভিযোগ
- প্রকাশঃ ০১:২৬:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
- / 11
সুনামগঞ্জ-২ আসন (দিরাই-শাল্লা) থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনিরের নির্বাচনী প্রচার গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজন কর্মী আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দিরাই উপজেলার কাদিরপুর এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন সেলিম ও জয়।
প্রার্থী শিশির মনিরের কর্মী ও সমর্থকরা অভিযোগ করেছেন, প্রতিদিন সন্ধ্যায় সুসজ্জিত একটি প্রচার গাড়িতে এলইডি স্ক্রিনের মাধ্যমে দিরাই ও শাল্লা উপজেলার বিভিন্ন এলাকায় প্রচারণা চালানো হচ্ছিল। গাড়ির মাধ্যমে এলাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা এবং জামায়াতে ইসলামী-দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাওয়া হচ্ছিল।
ঘটনার সময়, প্রচার গাড়িটি তাড়ল ইউনিয়নের ধলবাজার এলাকায় গেলে সেখানে বিএনপির পক্ষে একটি মিছিল বের হয়। পরিস্থিতি বিবেচনায় গাড়ির প্রজেক্টরের শব্দ কমিয়ে দেওয়া হয়। এরপর গাড়িটি দিরাই সদরের দিকে রওনা দিলে কাদিরপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে চারটি মোটরসাইকেলে আসা কয়েকজন যুবক লাঠিসোঁটা নিয়ে গাড়িতে হামলা চালায়। এতে গাড়িটির সামনের কাচ ভেঙে যায় এবং দুই কর্মী আহত হন।
মোহাম্মদ শিশির মনির সাংবাদিকদের বলেন, বিএনপির লোকজন পরিকল্পিতভাবে আমার প্রচার গাড়িতে হামলা চালিয়েছে। এতে আমাদের দুইজন কর্মী আহত হয়েছেন।
অপরদিকে অভিযোগ অস্বীকার করে দিরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মইন উদ্দিন চৌধুরী বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ। আমি সারাদিন ওই এলাকায় ছিলাম। এমন কোনো ঘটনা ঘটেনি। এটি সাজানো নাটক হতে পারে।
উল্লেখ্য, সুনামগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী মোহাম্মদ শিশির মনির ছাড়াও বিএনপির প্রার্থী মো. নাছির চৌধুরী এবং কমিউনিস্ট পার্টির প্রার্থী নিরঞ্জন দাস খোকন প্রতিদ্বন্দ্বিতা করছেন।




























