চাঁদাবাজি ও সন্ত্রাস রোধে কঠোর পদক্ষেপের অঙ্গীকার: সুনামগঞ্জ-৪ আসনের প্রার্থীরা জনগণের মুখোমুখি
- প্রকাশঃ ০৮:১০:০২ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
- / 16
সনামগঞ্জ ৪ আসনে সজনের উদ্যোগে ‘জনগণের মখোমখি’ অনষ্ঠান। ছবি: প্রজন্ম কথা
সুনামগঞ্জ-৪ আসনের মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি, শিল্পাঞ্চল গড়ে তোলা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং চাঁদাবাজি ও সন্ত্রাস দমনের অঙ্গীকার করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। তারা বলেন, বিসিক শিল্পনগরী কার্যকর করা এবং নতুন শিল্পাঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। ধোপাজান বালু মহাল রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় উন্মুক্ত করা হবে।
প্রার্থীরা আরও বলেন, মাথাচাড়া দিয়ে ওঠা চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। উত্তরাঞ্চলের মানুষের সহজ যোগাযোগের জন্য সেতু নির্মাণ, রেল যোগাযোগ চালু এবং সড়ক অবকাঠামোর উন্নয়ন জরুরি। মাদক নির্মূলে খেলাধুলা ও সামাজিক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব দেন তারা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ‘রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ পদ নেই’ শিরোনামে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সুনামগঞ্জ জেলা কমিটির আয়োজনে জনগণের মুখোমুখি অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।
অনুষ্ঠানে পাঁচ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে উপস্থিত ছিলেন তিনজন। তারা হলেন—স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন, জাতীয় পার্টির প্রার্থী মো. নাজমুল হুদা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শহীদুল ইসলাম। বিএনপি মনোনীত প্রার্থী নূরুল ইসলাম ও জামায়াত মনোনীত প্রার্থী মো. সামছ উদ্দিন অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।
সুজনের সহসভাপতি মাসুম হেলালের সঞ্চালনায় প্রশ্নোত্তর পর্বে ভোটারদের নানা প্রশ্নের উত্তর দেন প্রার্থীরা। সরকারি অফিসে সেবা নিতে গিয়ে হয়রানি, নারী উন্নয়ন, সুনামগঞ্জ সদরে রেলস্টেশন স্থাপন, মাদক নিয়ন্ত্রণ, সরকারি প্রকল্পে দুর্নীতি, কামারখাল উদ্ধার, ফসলরক্ষা বাঁধের কাজে অনিয়ম, পরিচ্ছন্ন শহর গড়ে তোলাসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন তোলেন ভোটাররা।

অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষাবিদ সৈয়দ মুহিবুল ইসলাম, সুজন জেলা কমিটির উপদেষ্টা সুখেন্দু সেন, সহসভাপতি আলী হায়দার ও সিরাজুল ইসলাম এবং সদর উপজেলা সভাপতি ফারুক রশিদ। উপস্থিত ছিলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান।
সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রতিনিধি নির্বাচনের আহ্বান জানিয়ে ভোটারদের শপথ পাঠ করান প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক খলিল রহমান।
সমাপনী বক্তব্য দেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি নুরুল হক আফিন্দি। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুজন জেলা কমিটির সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ।




























