ঢাকা–করাচি রুটে বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট চালু ২৯ জানুয়ারি
- প্রকাশঃ ০৪:০৭:১৩ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
- / 28
জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২৯ জানুয়ারি থেকে ঢাকা–করাচি রুটে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস বুধবার (৭ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন—বৃহস্পতিবার ও শনিবার—এই রুটে ফ্লাইট চলবে। ঢাকা থেকে ফ্লাইটটি স্থানীয় সময় রাত ৮টায় ছেড়ে করাচিতে রাত ১১টায় পৌঁছাবে। ফেরত ফ্লাইটটি করাচি থেকে দিবাগত রাত ১২টায় ছেড়ে ঢাকায় ভোর ৪টা ২০ মিনিটে পৌঁছাবে।
নতুন এই রুট চালুর ফলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যাত্রী চলাচল আরও সহজ ও সুবিধাজনক হবে। পাশাপাশি ব্যবসা, পর্যটন এবং পারিবারিক ভ্রমণের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হবে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানায়, যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা ও মানসম্মত সেবা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। আধুনিক উড়োজাহাজ ও দক্ষ ক্রু দিয়ে ফ্লাইট পরিচালনা করা হবে।
টিকিট বুকিং ও ফ্লাইট–সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যাত্রীরা বিমানের বিক্রয় অফিস, অনুমোদিত ট্রাভেল এজেন্ট, কল সেন্টার (১৩৬৩৬ বা +৮৮০৯৬১০৯-১৩৬৩৬) অথবা সংস্থার ওয়েবসাইটে যোগাযোগ করতে পারবেন।
উল্লেখ্য, ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট দীর্ঘদিন বন্ধ ছিল। পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা পিআইএর ফ্লাইট ২০১৮ সালে লোকসানের কারণে বন্ধ করে দেওয়া হয়। গত বছরের কূটনৈতিক সম্পর্ক উন্নতির ধারায় করাচি থেকে সরাসরি পণ্য পরিবহন শুরু হয় এবং বেসরকারি বিমান সংস্থা এয়ার-সিয়াল বাংলাদেশে ফ্লাইট পরিচালনার অনুমোদন পায়।



























