আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র
- প্রকাশঃ ০৩:০৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
- / 2
ছবি: প্রজন্ম কথা
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য দীর্ঘদিনের প্রচলিত ভিসা নীতিতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ সুবিধা বাতিল করে নির্দিষ্ট মেয়াদের ভিত্তিতে অবস্থানের নতুন নিয়ম চালুর নীতিগত অনুমোদন দিয়েছে হোয়াইট হাউস। ফলে ভবিষ্যতে বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে অবস্থানের সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হতে পারে।
ব্লুমবার্গ ল-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ‘এফ’ ক্যাটাগরির ভিসাধারী শিক্ষার্থীরা তাদের একাডেমিক কোর্স চলমান থাকা এবং ভিসার শর্ত মেনে চলার ভিত্তিতে কোর্স সম্পন্ন হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারেন। এই ব্যবস্থাই ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ নামে পরিচিত।
তবে নতুন নীতিমালার আওতায় শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে পড়াশোনা শেষ না হলে শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে অবস্থান অব্যাহত রাখতে অভিবাসন কর্তৃপক্ষের কাছে নতুন করে মেয়াদ বৃদ্ধির আবেদন করতে হবে।
হোয়াইট হাউসের অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট (ওএমবি) ইতোমধ্যে চূড়ান্ত প্রবিধানটির পর্যালোচনা সম্পন্ন করেছে। এটি আনুষ্ঠানিক প্রকাশ ও বাস্তবায়নের আগে শেষ প্রশাসনিক ধাপ হিসেবে বিবেচিত হয়।
নতুন নিয়ম কার্যকর হলে তা মূলত ‘এফ’ ভিসাধারী শিক্ষার্থী, ‘জে’ এক্সচেঞ্জ ভিজিটর, ‘আই’ ক্যাটাগরির ভিসাধারী ব্যক্তি এবং তাঁদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
প্রস্তাবিত নীতিমালায় ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ সুবিধা বাতিল করা হলে অধিকাংশ আন্তর্জাতিক শিক্ষার্থীর জন্য সর্বোচ্চ চার বছরের অবস্থানসীমা নির্ধারণ করা হতে পারে। কোনো শিক্ষার্থীর কোর্স বা গবেষণা কার্যক্রম চার বছরের বেশি সময় প্রয়োজন হলে তাঁকে অতিরিক্ত সময়ের জন্য পৃথকভাবে আবেদন করতে হবে।
মার্কিন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) ২০২৫ সালে প্রথম এ পরিবর্তনের প্রস্তাব উত্থাপন করে। মূল পরিকল্পনাটি প্রথম ট্রাম্প প্রশাসনের সময় নেওয়া হলেও তখন তা কার্যকর করা সম্ভব হয়নি।
এবার হোয়াইট হাউসের পর্যালোচনা প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট মহলে ধারণা করা হচ্ছে, নতুন এই ভিসা নীতিমালা যেকোনো সময় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে। কার্যকর হলে এটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে অবস্থান ও উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসবে।


















