এফ-১ শিক্ষার্থীদের OPT-তে নতুন প্রস্তাব, প্রথমবার ৭০ হাজার ডলার দেবে কলেজ
- প্রকাশঃ ০৭ অক্টোবর ২০২৬, ২১:৩৪
- / 2
ওয়াশিংটন, ৮ অক্টোবর, (প্রজন্ম কথা) – যুক্তরাষ্ট্রে এফ-১ ভিসায় পড়াশোনা করা আন্তর্জাতিক শিক্ষার্থীদের ঐচ্ছিক ব্যবহারিক প্রশিক্ষণ কর্মসূচিতে (OPT) অংশগ্রহণের ক্ষেত্রে নতুন ফি আরোপের প্রস্তাব করেছে দেশটির স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ। প্রস্তাব অনুযায়ী, প্রথমবার OPT-এর জন্য সংশ্লিষ্ট কলেজ বা বিশ্ববিদ্যালয়কে ৭০ হাজার ডলার এবং পরবর্তী প্রতিটি অনুমোদনের ক্ষেত্রে, যার মধ্যে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক অতিরিক্ত প্রশিক্ষণও রয়েছে, ৩০ হাজার ডলার দিতে হবে।
তবে এই অর্থ আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হবে না। ফি পরিশোধের দায়িত্ব থাকবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের।
স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের প্রস্তাবিত নিয়মটি ৮ অক্টোবর ২০২৬ যুক্তরাষ্ট্রের সরকারি গেজেটে প্রকাশ হওয়ার কথা রয়েছে। এরপর ৩০ দিনের জন্য জনসাধারণের মতামত গ্রহণ করা হবে।
বিভাগটির এক মুখপাত্র বলেন, ঐচ্ছিক ব্যবহারিক প্রশিক্ষণ কর্মসূচি কখনোই যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে প্রবেশের গোপন পথ, সস্তা শ্রমের জন্য ভর্তুকি কিংবা ব্যবস্থার সুযোগ নেওয়া ব্যক্তিদের জন্য পুরস্কার হিসেবে তৈরি হয়নি।
তিনি আরও বলেন, বিদেশি শিক্ষার্থীদের নিয়োগদাতাদের কাছে নিজেদের যোগ্যতা ও প্রয়োজনীয়তা প্রমাণের বিষয়টি নিশ্চিত করতে কর্মসূচিটিকে আরও কঠোর করা হচ্ছে। মার্কিন কর্মীদের এমন একটি কর্মসূচির সঙ্গে প্রতিযোগিতা করতে হওয়া উচিত নয়, যেটি সস্তা বিদেশি শ্রমের ধারাবাহিক সরবরাহের ব্যবস্থায় পরিণত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
প্রস্তাবে যা বলা হয়েছে
বর্তমান ফেডারেল বিধি অনুযায়ী, এফ-১ ভিসায় থাকা যোগ্য শিক্ষার্থীরা তাদের পড়াশোনার বিষয় বা প্রধান শিক্ষাক্ষেত্রের সঙ্গে সরাসরি সম্পর্কিত কাজে OPT করতে পারেন। এ জন্য প্রথমে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত কর্মকর্তা বা ডিএসওর সুপারিশ নিতে হয়। এরপর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবা বিভাগে কর্মসংস্থানের অনুমতির জন্য আবেদন করতে হয়।
শিক্ষার্থীরা পড়াশোনা চলাকালীন সময়েও OPT করতে পারেন, যাকে প্রি-কমপ্লিশন OPT বলা হয়। আবার পড়াশোনা শেষ করার পরও পোস্ট-কমপ্লিশন OPT-এর জন্য আবেদন করা যায়।
যোগ্য এফ-১ শিক্ষার্থীরা প্রতিটি শিক্ষাস্তরে সর্বোচ্চ ১২ মাসের OPT সুবিধা পেতে পারেন। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বিষয়ে ডিগ্রি অর্জনকারীরা এর সঙ্গে অতিরিক্ত ২৪ মাসের সম্প্রসারণের সুযোগ পেতে পারেন।
স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ বলছে, শিক্ষার্থী ও বিনিময় দর্শনার্থী কর্মসূচির নজরদারিতে OPT ব্যবস্থায় প্রতারণা ও অপব্যবহারের বিভিন্ন ঘটনা ধরা পড়েছে। এফ-১ শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ার সঙ্গে সঙ্গে কিছু শিক্ষাপ্রতিষ্ঠান, নির্ধারিত কর্মকর্তা, নিয়োগদাতা এবং শিক্ষার্থী বর্তমান বিধির সুযোগ নিয়ে বিভিন্ন ধরনের অনিয়মে জড়িত হয়েছে বলে বিভাগের দাবি।
এর মধ্যে সমস্যাযুক্ত কর্মস্থল এবং ভিসার বৈধতা ধরে রাখার জন্য অর্থের বিনিময়ে কাগজে-কলমে চাকরি দেখানোর মতো ব্যবস্থার কথাও উল্লেখ করেছে বিভাগটি।
স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের ধারণা, প্রস্তাবিত উচ্চ ফি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে OPT-এর জন্য শিক্ষার্থীদের সুপারিশের আগে আরও কঠোরভাবে যাচাই ও তদারকি করতে উৎসাহিত করবে। এর ফলে প্রতারণা কমানোর পাশাপাশি কর্মসূচিটির স্বচ্ছতা ও কার্যকারিতা বাড়বে বলে মনে করছে বিভাগটি।
ফি দেবে কারা
প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, শিক্ষার্থীদের OPT-এর জন্য সুপারিশ করার আগেই স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।
নির্ধারিত কর্মকর্তা শিক্ষার্থীর OPT সুপারিশ করে শিক্ষার্থী ও বিনিময় দর্শনার্থী তথ্য ব্যবস্থায় তথ্য দেওয়ার আগে এই অর্থ পরিশোধ করতে হবে। এরপর শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবা বিভাগে কর্মসংস্থানের অনুমতির আবেদন করতে পারবেন।
শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারিত ফি পরিশোধ না করলে শিক্ষার্থীকে কর্মসংস্থানের অনুমতি দেওয়া হবে না।
প্রস্তাবিত ফি কোনো নির্দিষ্ট নিয়োগদাতার সঙ্গে যুক্ত থাকবে না। শিক্ষাপ্রতিষ্ঠান কোনো এফ-১ শিক্ষার্থীকে যেকোনো ধরনের OPT-এর জন্য সুপারিশ করলেই এই ফি প্রযোজ্য হবে। আদায়কৃত অর্থ যুক্তরাষ্ট্রের সরকারি কোষাগারে জমা হবে।
























