দিগন্ত আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ: নৈতিক শিক্ষা ও পারিবারিক ভূমিকার ওপর গুরুত্বারোপ
- প্রকাশঃ ০৯:১২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
- / 142
বগুড়া সদর উপজেলার ধরমপুরে অবস্থিত দিগন্ত আইডিয়াল স্কুলে মঙ্গলবার (২৯ জুলাই) এক বর্ণাঢ্য অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও নৈতিক শিক্ষার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাইওয়ে পুলিশ সুপার, বগুড়া রিজিয়ন এবং সদ্য পদোন্নতিপ্রাপ্ত অ্যাডিশনাল ডিআইজি শহিদ উল্লাহ। তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, শিশুর নৈতিক গঠন শুধু স্কুলের দায়িত্ব নয়, বরং এটি পরিবার ও সমাজের সম্মিলিত দায়িত্ব। ট্রাফিক আইন মেনে চলাসহ সামাজিক শৃঙ্খলা শিক্ষা শিশুর কৈশোর থেকেই গড়ে তুলতে হবে। তিনি এ সংক্রান্ত একটি সচেতনতামূলক ভিডিও চিত্রও প্রদর্শন করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এজাজ আহমেদ আসলাম। তিনি বলেন, শুধু পরীক্ষার ভালো ফলাফল নয়, দিগন্ত আইডিয়াল স্কুলের মূল লক্ষ্য একটি আদর্শ ও সুশৃঙ্খল সমাজ গঠন। সে লক্ষ্যে অভিভাবকদের অংশগ্রহণ ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— বগুড়া পৌরসভা ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও প্রতিষ্ঠানের উপদেষ্টা ইকবাল হোসেন রাজু , বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার সভাপতি ও স্কুল উপদেষ্টা আজগর আলী, দিগন্ত আইডিয়াল স্কুলের উপদেষ্টা আলী হোসেন সুমন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান শিক্ষক স্মরণ মিয়া। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক ফজিলাতুন্নেছা, শিক্ষক প্রতিনিধি মিশু খাতুনসহ সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে অপরতা তত্ত্ব (Theory of Deviation) তুলে ধরে বলেন, শিশুর বিচ্যুত আচরণের পেছনে পারিবারিক অবহেলা ও সামাজিক পরিবেশের গুরুতর প্রভাব থাকে। তাই শিশুদের সঠিক দিকনির্দেশনার জন্য পরিবার ও বিদ্যালয়ের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ অপরিহার্য।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থী-অভিভাবকদের অংশগ্রহণে খোলামেলা মতবিনিময়, সাংস্কৃতিক পরিবেশনা এবং অভিজ্ঞতা শেয়ারিং সেশনের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘটে।





























