শিক্ষার কাঠামো বদলাতে হবে সময়ের সঙ্গে: ইবি উপাচার্য
- প্রকাশঃ ০২:১৯:১৭ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
- / 47
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) “আউটকাম বেসড এডুকেশন কারিকুলাম: ”স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর কোয়ালিটি লার্নিং”শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ মে) বেলা ১১টায় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) সেমিনারটির আয়োজন করে।
আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সেমিনারে রিসোর্স পারসন হিসেবে আলোচনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. আসাদ-উদ-দৌলা।
সেমিনারে উপাচার্য বলেন, “দেশ ইতোমধ্যে চতুর্থ শিল্প বিপ্লবে প্রবেশ করেছে এবং পঞ্চম শিল্প বিপ্লবের সাড়া মিলছে। এই বাস্তবতায় আমাদের শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হলে কারিকুলামে পরিবর্তন অপরিহার্য।”
তিনি আরও বলেন, “উন্নয়ন ও প্রযুক্তির চাহিদার সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের প্রয়োজনীয় স্কিল ও জ্ঞান অর্জনে আমরা যেন যথাযথ সুযোগ ও উপকরণ দিতে পারি, সেদিকে নজর দিতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখতে হলে তাদের মতামত ও চাহিদাকে গুরুত্ব দিতে হবে শিক্ষকদের।”
উচ্চশিক্ষার কাঠামো প্রসঙ্গে উপাচার্য বলেন, “সমাজের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চশিক্ষাকে ঢেলে সাজাতে হবে। এমন শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে, যেখানে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখবে, আর আকাশটাই হয়ে উঠবে তাদের সীমা।”



























