ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা
- প্রকাশঃ ০৩:২৬:০৩ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
- / 160
২০২৪-২৫ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম চলছে পুরোদমে। দেশের বিভিন্ন স্থানের স্বপ্নবিলাসী শিক্ষার্থীরা আসছেন জবি ক্যাম্পাসে। চান্স পেয়েও অনেকেই শুধুমাত্র টাকার অভাবে ভর্তি হতে পারছেন না। তেমনই ভর্তি হতে না পারা একজন শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়াল।
সম্প্রতি নীলফামারি জেলার মেধাবী শিক্ষার্থী মোঃ শফিক ইসলাম বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটে ২৫৪তম হয়ে ইতিহাস বিভাগে ভর্তির সুযোগ পান। কিন্তু অর্থ সংকটে তার উচ্চশিক্ষার স্বপ্ন থমকে যেতে বসেছিল। ঠিক তখনই সাহায্যের হাত বাড়িয়ে দেন ছাত্রদল নেতা রবিউল আউয়াল। ভর্তি ফি, প্রয়োজনীয় কাগজপত্র থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা করেন তিনি।
এই বিষয়ে রবিউল আউয়াল বলেন, “সবার জন্য শিক্ষা—এই মূল লক্ষ্যকে সামনে রেখে আমরা ছাত্রদল কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত। আমাদের ভাই-বোনদের যেন অর্থের অভাবে উচ্চশিক্ষার পথ বন্ধ না হয়, সেই লক্ষ্যেই ছাত্রদলের মানবিক সহায়তা কার্যক্রম চালু রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। এই উদ্যোগের পেছনে রয়েছে শিক্ষার্থী বান্ধব নেতা, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের দিকনির্দেশনা।”
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী শফিক ইসলাম বলেন, “আমি সত্যিই কৃতজ্ঞ। আমার মতো অনেকেরই এমন সহায়তা প্রয়োজন। যারা পাশে দাঁড়ান, তারাই সত্যিকার অর্থে সমাজের নায়ক।”
উল্লেখ্য, ইতিপূর্বে আরও ৫ জন মেধাবী শিক্ষার্থীর ভর্তি কার্যক্রমে সহায়তা করেছেন এই ছাত্রদল নেতা।
ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি



























