সাজেকে শিক্ষা সফর থেকে ফেরার পথে দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
- প্রকাশঃ ১০:৫৪:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
- / 144
সাজেকে খাদে পড়ে থাকা খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবাহী বাস—শিক্ষা সফর শেষে ফেরার পথে ঘটে দুর্ঘটনা। ছবি সংগৃহীত
রাঙামাটির সাজেকে শিক্ষা সফর থেকে ফেরার পথে পর্যটকবাহী একটি জীপ খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে শিজক ছড়া–হাউজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম রিংকি। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সফর শেষে ফেরার পথে শিক্ষার্থীদের বহনকারী জীপটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার সময় গাড়িটিতে ৩৯ জন শিক্ষার্থী ও ৩ জন শিক্ষক ছিলেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
খবরটি নিশ্চিত করেছেন সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার। তিনি বলেন, দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।






























