হাদির বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়ব না: আব্দুল্লাহ আল জাবের
- প্রকাশঃ ০৫:০৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
- / 83
ছবি: সংগৃহীত
শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড়ে অবরোধ ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবরোধে অংশ নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী ও জনতা। অবরোধের কারণে শাহবাগে যান চলাচল বন্ধ হয়ে যায়।
অবরোধ কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, এই সরকারের যারা উপদেষ্টা রয়েছেন, তারা এখানে এসে জনগণের সামনে দাঁড়ানো পর্যন্ত আমরা শাহবাগ ছাড়ব না। প্রয়োজনে প্রাণ দিয়েও আমরা এই অবস্থান ধরে রাখব।
তিনি আরও বলেন, এই জমিন শহীদ হাদির রক্তে ভিজেছে। কেউ এসে আমাদের বলে—এই কাজ করো না, ওই কাজ করো না। কিন্তু আমরা দেখছি, আপনারা ক্যান্টনমেন্টে গিয়ে হাজিরা দিয়ে আসেন। আমাদের আর উপেক্ষা করা চলবে না। আমরা এই জনগণ রাজপথে নেমেছি শহীদ হাদির রক্তের বদলা নেওয়ার জন্য। যতক্ষণ পর্যন্ত সরকারের উপদেষ্টারা এখানে এসে জনগণের সামনে জবাব না দেবেন, ততক্ষণ পর্যন্ত আমরা শাহবাগ ছাড়ব না।
আব্দুল্লাহ আল জাবের বলেন, এই বাংলাদেশে যতদিন পর্যন্ত সাধারণ মানুষ আত্মমর্যাদা নিয়ে বাঁচতে না পারবে, যতদিন পর্যন্ত একজন নারী হিজাব পরে স্বাধীনভাবে চলাচল করতে না পারবে, ততদিন পর্যন্ত প্রকৃত স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে না।



























