জকসু নির্বাচন: অদম্য জবিয়ান ঐক্য প্যানেল থেকে নূর মোহাম্মদের নির্বাচনী ইমেইল ক্যাম্পেইন
- প্রকাশঃ ০৭:২৫:৪১ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
- / 83
ছবি: সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ‘অদম্য জবিয়ান ঐক্য’ (শিবির সমর্থিত) প্যানেল থেকে স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদপ্রার্থী নূর মোহাম্মদ তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
সোমবার ইমেইল ক্যাম্পেইনের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে নিজের লক্ষ্য, অঙ্গীকার ও কর্মপরিকল্পনা তুলে ধরেন নূর মোহাম্মদ। তিনি ইনকিলাব মঞ্চ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
নির্বাচনী ইশতেহারে নূর মোহাম্মদ একটি সুস্থ, নিরাপদ ও মানবিক ক্যাম্পাস গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। নির্বাচিত হলে শিক্ষার্থীদের কল্যাণে আধুনিক ও কার্যকর চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি সাশ্রয়ী মূল্যে বিশেষায়িত স্বাস্থ্যসেবা ও চিকিৎসক সুবিধা প্রদানের উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।
খাদ্য ও পরিবেশ ব্যবস্থাপনার বিষয়ে তিনি ক্যাম্পাসের ক্যাফেটেরিয়া ও আশপাশের এলাকায় স্বাস্থ্যকর খাবার সরবরাহ নিশ্চিত করা, খাদ্যের মান উন্নয়ন এবং পরিচ্ছন্ন ও শিক্ষার্থী-বান্ধব পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।
এ ছাড়া শিক্ষার্থীদের সুবিধার্থে ক্যাম্পাসে ডে-কেয়ার সেন্টার স্থাপন এবং প্রয়োজনীয় সাপোর্ট সার্ভিস চালুর কথাও তাঁর নির্বাচনী অঙ্গীকারে অন্তর্ভুক্ত রয়েছে।
শিক্ষার্থীদের উদ্দেশে নূর মোহাম্মদ বলেন, একটি সুস্থ ও মানবিক ক্যাম্পাস গড়া আমাদের সবার দায়িত্ব। পরিবর্তনের পক্ষে দাঁড়িয়ে শিক্ষার্থীদের অধিকার আদায়ে আমি আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।
উল্লেখ্য, আসন্ন জকসু নির্বাচনে স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে নূর মোহাম্মদের ব্যালট নম্বর G4। অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের মৌলিক অধিকার নিশ্চিতকরণ এবং পরিবেশগত উন্নয়ন তাদের নির্বাচনী কর্মসূচির মূল লক্ষ্য।



























