জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছেন ড. মিজানুর রহমান আজহারি
- প্রকাশঃ ০৭:৩৪:২১ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
- / 58
বিশিষ্ট ইসলামিক স্কলার ও জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ ড. মিজানুর রহমান আজহারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আগমন করতে যাচ্ছেন। শিক্ষামূলক সংগঠন পাঠশালার উদ্যোগে আগামী ১৪ জানুয়ারি (বুধবার) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত হবে “আধুনিক যুগে ইসলামিক লাইফস্টাইল” শীর্ষক একটি সেমিনার।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাঠশালার ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন ড. মিজানুর রহমান আজহারি। তিনি আধুনিক সমাজব্যবস্থা, প্রযুক্তিনির্ভর জীবনধারা ও বৈশ্বিক বাস্তবতার আলোকে একজন মুসলমানের জীবনযাপন কেমন হওয়া উচিত—সে বিষয়ে কুরআন ও সুন্নাহভিত্তিক দিকনির্দেশনা তুলে ধরবেন।
আয়োজক সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলায় ইসলামিক জীবনদর্শন উপস্থাপন করাই এই সেমিনারের প্রধান লক্ষ্য।
আয়োজকরা আরও জানান, সেমিনারে অংশগ্রহণের জন্য আসন সংখ্যা সীমিত রাখা হয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের জন্য খুব শিগগিরই গুগল ফরমের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম শুরু করা হবে। নির্ধারিত প্রক্রিয়ায় রেজিস্ট্রেশন সম্পন্নকারী শিক্ষার্থীরাই সেমিনারে অংশগ্রহণের সুযোগ পাবেন।
এই দাওয়াতি ও শিক্ষামূলক সেমিনারে অংশগ্রহণের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে অগ্রিম আমন্ত্রণ জানিয়েছে আয়োজক সংগঠন পাঠশালা।



























