আবারও পরিবর্তন: ব্রাকসু নির্বাচনের নতুন তারিখ ২৫ ফেব্রুয়ারি
- প্রকাশঃ ০৪:০৩:১১ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
- / 53
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ ফেব্রুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হবে। রবিবার (১১ জানুয়ারি) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত ব্রাকসুর ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা। সিন্ডিকেট সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন অধ্যাপক ড. মো. ইলিয়াছ প্রামানিক।
নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ প্রসঙ্গে ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ইলিয়াছ প্রামানিক বলেন, প্রথমে আমরা চলতি মাসের মধ্যেই নির্বাচন আয়োজনের কথা ভাবছিলাম। কিন্তু নির্বাচন কমিশনারদের সঙ্গে আলোচনা করে দেখা গেছে, ব্যালট পেপার সংক্রান্ত একটি টেন্ডার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, যা স্বল্প সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব নয়। এ ছাড়া সামনে জাতীয় নির্বাচন থাকায় শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেই ২৫ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে।
ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা বলেন, আগামীকালই নির্বাচন কমিশনাররা বসে ভোটার তালিকা নিয়ে উত্থাপিত আপত্তিগুলো নিষ্পত্তি করবেন এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। একই সঙ্গে ২৫ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন তফসিল পুনর্গঠন করা হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী বলেন, নতুন করে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগের জন্য সিন্ডিকেট সভার অনুমোদন প্রয়োজন। সে কারণে সিন্ডিকেট সভা না হওয়া পর্যন্ত সহকারী নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, এর আগে গত ১২ ডিসেম্বর ব্রাকসুর দ্বিতীয় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা অধ্যাপক ড. মো. শাহজামান পদত্যাগ করেন।



























