আইন করে নিজেই ভঙ্গ করলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন
- প্রকাশঃ ০৩:৪১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
- / 58
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন নিজস্ব প্রণীত আইন অমান্য করে ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে রাত ১০টার পরও কনসার্ট পরিচালনা করেছে—এমন অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা।
সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় সেলিম আল দীন মুক্তমঞ্চে বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান চলাকালীন মঞ্চে রাত ১১টা ২৭ মিনিট পর্যন্ত গান-বাজনা চলছে। এমনকি আরও একটি ব্যান্ডের পরিবেশনা বাকি ছিল। এতে জাকসু নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
গত বছরের ১৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ক্যাম্পাসে রাত ১০টার পর কোনো অনুষ্ঠান আয়োজন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছিল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, এই নিয়ম অমান্য করলে আয়োজকদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া শব্দের মাত্রা নিয়ন্ত্রণে রাখার নির্দেশও দেওয়া হয়েছিল।
কিন্তু বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে এই নিয়ম উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, প্রশাসন নিজেই আইন ভঙ্গ করলে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে নিয়ম মানার প্রত্যাশা করা দ্বিমুখী নীতি ও দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়।
এর আগে, ৩০ নভেম্বর রাতে ক্যাম্পাসে উচ্চশব্দে গান পরিবেশনের কারণে উত্তেজনা তৈরি হয়েছিল। বাউলের দ্রোহ নামে একদল শিক্ষার্থীর আয়োজন করা গানের অনুষ্ঠান রাত ৯টার পর শব্দের কারণে বন্ধ করতে হয়। সেই সময় আয়োজক ও প্রশাসনের মধ্যে বাকবিতণ্ডার ঘটনাও ঘটে।



























