শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল
- প্রকাশঃ ০৪:০১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
- / 36
শহীদ ওসমান হাদি হত্যার দ্রুত বিচারের দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ।
শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবু সাঈদ গেটে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা আসন্ন নির্বাচনের আগে শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান।
এ সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দায়িত্ব হওয়া উচিত ছিল শহীদদের হত্যার বিচার নিশ্চিত করা। কিন্তু এখন পর্যন্ত আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হয়নি। তিনি বলেন, যে শহীদ হাদি নিজে জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবি জানাতেন, তাঁর মৃত্যুর ২৯ দিন পার হলেও হত্যার বিচার হয়নি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্টভাবে জানাতে চাই—অবিলম্বে এই হত্যার বিচার করতে হবে।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক জাহিদ হাসান জয় বলেন, শহীদ হাদির হত্যার সুষ্ঠু বিচার হবে—এমন প্রত্যাশা ছিল তাঁদের। কিন্তু শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। তিনি বলেন, এক মাসের মধ্যে বিচার চেয়েছিলাম, কিন্তু এখনো কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে বিচারপ্রক্রিয়া সম্পন্ন করা হোক।
বিক্ষোভে অংশ নিয়ে ইয়ামিন ইসলাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার শহীদদের হত্যার বিচার ও জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, ‘এই সরকারের প্রথম কাজ হওয়া উচিত ছিল জুলাই হত্যাকাণ্ডের বিচার। দ্রুত হাদি ভাইয়ের হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে হবে।’
বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা শহীদ ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।






























