অস্বাস্থ্যকর জীবনযাপনেই বাড়ছে কিডনি রোগ: মাভাবিপ্রবিতে বিশেষজ্ঞদের মত
- প্রকাশঃ ০৮:৪২:১৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
- / 14
অস্বাস্থ্যকর জীবনযাপন ও অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের কারণে দেশে কিডনি রোগের ঝুঁকি ক্রমেই বাড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতি মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সেমিনার কক্ষে ‘এ গ্রোয়িং পাবলিক হেলথ চ্যালেঞ্জ’ শিরোনামে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজিম আখন্দ বলেন, সুস্থ সমাজ গঠনে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজকেও সচেতন করার দায়িত্ব শিক্ষার্থীদের নিতে হবে।
বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. মো. শহিদুল্লাহ কায়সার বলেন, কিডনি সুরক্ষায় ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। পাশাপাশি নিয়মিত শরীরচর্চা, পরিমিত লবণ গ্রহণ, পর্যাপ্ত পানি পান এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপন কিডনি রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে।
রোটারি ক্লাব ও রোটার্যাক্ট ক্লাবের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মো. নাজমুস সাদেকীন। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
আলোচনায় বক্তারা বলেন, কিডনি রোগ এখন একটি বড় জনস্বাস্থ্য সমস্যায় পরিণত হয়েছে। তাই প্রাথমিক পর্যায় থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার প্রতি গুরুত্ব দেওয়া প্রয়োজন।




























