‘শত্রুদের জাহাজ’ ছাড়া সবার জন্য হরমুজ প্রণালী খোলা: ইরান
- প্রকাশঃ ০১:৪৬:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
- / 5
‘শত্রুদের’ জাহাজ বাদে অন্য সব দেশের জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত রয়েছে বলে জানিয়েছে ইরান। রোববার (২২ মার্চ) জাতিসংঘের সামুদ্রিক বিষয়ক সংস্থায় নিযুক্ত ইরানের দূত আলি মৌসাভি এ তথ্য জানান।
এর আগে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী উন্মুক্ত না করলে ইরানের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হতে পারে। তার এ বক্তব্যের পরই ইরানের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া আসে।
ইরানের দূত জানান, উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে তেহরান। তবে যেসব জাহাজের সঙ্গে ইরানের শত্রুদের সংশ্লিষ্টতা নেই, তারাই কেবল নির্বিঘ্নে হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে পারবে।
তিনি আরও বলেন, অন্যান্য দেশের জাহাজকে ইরানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে চলাচল করতে হবে। অর্থাৎ আগাম অবহিত করে হরমুজ দিয়ে যাতায়াত করতে হবে।
কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করে আলি মৌসাভি বলেন, ইরান কূটনীতিকে প্রাধান্য দেয়। তবে তার আগে হামলা বন্ধ হওয়া এবং পারস্পরিক বিশ্বাস পুনর্গঠন জরুরি।
তিনি দাবি করেন, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে বর্তমান উত্তেজনার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর হামলাই মূলত দায়ী।
সূত্র: রয়টার্স।

























