কলম্বিয়ায় ৮০ মিটার গভীর খাদে শিক্ষার্থীবাহী বাস, নিহত ১৭
- প্রকাশঃ ০১:৪২:২৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
- / 66
কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের অ্যান্টিকুয়েনো প্রদেশে একটি শিক্ষার্থীবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ২০ জন।
রোববার (১৪ ডিসেম্বর) স্থানীয় সময় ভোর পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে অ্যান্টিকুয়েনোর গভর্নর আন্দ্রেস জুলিয়ান রেনদন জানান, বাসটি ক্যারিবিয়ান উপকূলীয় শহর টোলু থেকে প্রাদেশিক রাজধানী মেদেলিনের দিকে যাচ্ছিল। শিক্ষা সফরের অংশ হিসেবে অ্যান্টিকুয়েনো হাইস্কুলের শিক্ষার্থীরা সমুদ্র ভ্রমণে গিয়েছিল।
ফেরার পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৮০ মিটার গভীর পাহাড়ি খাদে পড়ে যায়। গভর্নর রেনদন বলেন, “ডিসেম্বরের এই সময়ে পুরো কমিউনিটির জন্য এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটিতে অ্যান্টিকুয়েনো হাইস্কুলের শিক্ষার্থীরা ছিল। তারা টোলুর সমুদ্রতীরে গ্র্যাজুয়েশন উদযাপন শেষে মেদেলিনে ফিরছিল। প্রাথমিক তথ্যে জানা গেছে, বাসটিতে মোট ৪৫ জন যাত্রী ছিলেন।
তবে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ভ্রমণটি প্রতিষ্ঠানের কোনো আনুষ্ঠানিক কার্যক্রমের অংশ ছিল না। শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগেই এই সফরের আয়োজন করেছিল।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। তবে এখনো দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, দেশটির সড়ক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত বছর কলম্বিয়ায় প্রতিদিন গড়ে ২২ জন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

























