রাশিয়ার সাবমেরিনে ইউক্রেনের হামলা
আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ১১:৩৭:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- / 77
রাশিয়ার কৃষ্ণসাগর তীরবর্তী নভোরোসিয়েস্ক বন্দরে অবস্থানরত সাবমেরিনটিতে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে ইউক্রেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এসবিইউ (এসবিইউ)।
সোমবার (১৫ ডিসেম্বর) এক বিবৃতিতে এসবিইউ জানায়, তাদের হামলায় কিলো ক্লাসের ওই সাবমেরিনটি উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কার্যত অকার্যকর হয়ে পড়েছে। সংস্থাটি দাবি করেছে, ইতিহাসে এই প্রথম ‘সামুদ্রিক বেবি ড্রোন’ ব্যবহার করে সাবমেরিনে সফল হামলা চালানো হয়েছে।
এসবিইউ জানায়, সাবমেরিনটিতে চারটি কালিবার ক্রুজ মিসাইল লঞ্চার ছিল, যেগুলো ব্যবহার করে ইউক্রেনের ভূখণ্ডে হামলা চালানো হতো। তবে ইউক্রেনের এই দাবির বিষয়ে এখন পর্যন্ত রাশিয়ার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
দুই দেশের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে জার্মানির বার্লিনে যখন কূটনৈতিক তৎপরতা জোরদার হচ্ছে, ঠিক সেই সময় রুশ নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ সাবমেরিনে হামলার তথ্য প্রকাশ করল কিয়েভ। বিশ্লেষকদের মতে, আলোচনার মধ্যেই এ ধরনের হামলার মাধ্যমে ইউক্রেন দেখাতে চাইছে যে, তারা এখনও রাশিয়ার জন্য বড় ধরনের সামরিক ক্ষতির কারণ হতে সক্ষম।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন, আলোচনায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির হাতে ‘তেমন কোনো কার্ড নেই’। এর পর থেকেই কিয়েভ হামলার মাত্রা বাড়িয়েছে বলে মনে করা হচ্ছে। এর আগেও ইউক্রেন রুশ সংশ্লিষ্ট কয়েকটি জাহাজে হামলা চালায়। পাল্টা জবাবে রাশিয়াও পণ্যবাহী জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে।
ইউক্রেনের নৌবাহিনীর মুখপাত্র দিমিত্রো প্লেটেনচুক বলেন, রাশিয়ার সাবমেরিনে হামলার মাধ্যমে নৌযুদ্ধে একটি নতুন মাইলফলক স্পর্শ করেছে ইউক্রেন। তিনি জানান, সমুদ্রে সাবমেরিনে আঘাত হানা অত্যন্ত জটিল ও কঠিন একটি সামরিক অভিযান।
এদিকে, টানা তৃতীয় বছরের মতো শীতকাল শুরু হওয়ার পর ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা জোরদার করেছে রাশিয়া। পাশাপাশি দেশটির পূর্বাঞ্চলে আরও ভূখণ্ড দখলের চেষ্টা অব্যাহত রয়েছে।
সূত্র: আল জাজিরা

























