গাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরায়েলি বোমা হামলা, নিহত ৬
- প্রকাশঃ ০১:৫২:৪৯ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- / 73
চলমান যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রধান শহর গাজা সিটিতে একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এতে ঘটনাস্থলেই ৬ জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, হামাস-ইসরায়েল সংঘর্ষ চলাকালীন তুফাহ এলাকায় স্কুলগুলোতে আশ্রয় নিয়েছিলেন স্থানীয় ফিলিস্তিনিরা। গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) ওই এলাকার একটি স্কুলের দোতলায় বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। যুদ্ধের কারণে আশ্রয়হীন কয়েকটি পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। এ সময় ইসরায়েলি বাহিনী সেখানে বোমা ফেলে হামলা চালায়।
আইডিএফ হামলার কারণ বা পেছনের উদ্দেশ্য এখনও স্পষ্ট করেনি।
২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী হামাস ইসরায়েলের ভূখণ্ডে আক্রমণ চালানোর পরের দিনই আইডিএফ গাজায় সামরিক অভিযান শুরু করে। দুই বছর ধরে এই অভিযানের ফলে ৭০ হাজারেরও বেশি মানুষ নিহত এবং ১ লাখ ৭০ হাজারেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। গাজা উপত্যকা ব্যাপকভাবে ধ্বংসের মুখে পড়েছে।
গত ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত শান্তি পরিকল্পনার মাধ্যমে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। এই পরিকল্পনা তিন স্তরের ছিল, যার প্রথম স্তরের মেয়াদ ছিল ছয় সপ্তাহ। প্রথম স্তরের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে এবং দ্বিতীয় স্তরের মেয়াদ শুরু হওয়ার কথা রয়েছে। ট্রাম্প ও মার্কিন কর্মকর্তারা হামাস ও ইসরায়েল উভয়পক্ষকে দ্বিতীয় স্তরের বিরতি কার্যকর করার জন্য তাগাদা দিচ্ছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১০ অক্টোবরের পর থেকে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে আইডিএফ গাজায় দেড় শতাধিকবার ছোট-বড় হামলা চালিয়েছে।

























