ভারতে ট্রাক-বাস সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ড: নারী-শিশুসহ নিহত ১৩
- প্রকাশঃ ১২:২৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
- / 64
সংগৃহীত ছবি
ভারতের কর্ণাটকে একটি পণ্যবাহী ট্রাকের সাথে বাসের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ১৩ জন যাত্রী জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছেন। আহত হয়েছেন আরও অন্তত ৯ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে কর্ণাটকের চিত্রদুর্গ জেলার হিরিয়ুর গ্রামীণ থানা এলাকার ৪৮ নম্বর জাতীয় সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, যাত্রীবাহী স্লিপার বাসটি বেঙ্গালুরু থেকে শিবমোগার দিকে যাচ্ছিল। গোরলাথু গ্রামের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ডিভাইডার ভেঙে বাসটিকে প্রচণ্ড গতিতে ধাক্কা দেয়। সংঘর্ষের কয়েক মুহূর্তের মধ্যেই বাসটিতে দাউদাউ করে আগুন ধরে যায়।
পুলিশের প্রাথমিক ধারণা, ট্রাকচালক গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়েছিলেন, যার ফলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে উল্টো লেনে চলে আসেন।
গভীর রাতে বাসটিতে আগুন ধরে যাওয়ায় যাত্রীদের বেশিরভাগই বের হওয়ার সুযোগ পাননি। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দগ্ধ যাত্রীদের উদ্ধার করে হিরিয়ুর ও চিত্তাগুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের শরীর মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
এই ভয়াবহ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বিশেষ আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। দুর্ঘটনায় মৃতদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হবে বলে জানানো হয়েছে।
পুলিশ বর্তমানে ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।

























