‘বাংলাদেশি’ সন্দেহে ভারতে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা, আহত আরও দুই
- প্রকাশঃ ১২:২৯:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
- / 85
ভারতের ওড়িশা রাজ্যে ‘বাংলাদেশি’ সন্দেহে এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরও দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে রাজ্যের সম্বলপুর জেলার আইন্থাপল্লী থানার অন্তর্গত দানিপালি এলাকায় এ ঘটনা ঘটে। খবরটি প্রকাশ করেছে বিবিসি।
নিহত যুবকের নাম জুয়েল রানা (১৯)। তিনি ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সুতি এলাকার বাসিন্দা। মাত্র পাঁচ দিন আগে কাজের সন্ধানে তিনি ওড়িশায় যান। নিহতের দুই সহকর্মীর অভিযোগ, স্থানীয় কয়েকজন ব্যক্তি প্রথমে তাদের ‘বাংলাদেশি’ সন্দেহ করে পরিচয়পত্র দেখতে চান এবং একপর্যায়ে মারধর শুরু করেন।
সম্বলপুরের মহকুমা পুলিশ অফিসার (এসডিপিও) তোফান বাগ গণমাধ্যমকে জানান, তিনজন পরিযায়ী শ্রমিক একটি দোকানের সামনে বিড়ি খাচ্ছিলেন। এ সময় কয়েকজন স্থানীয় বাসিন্দা এসে তাদের আধার কার্ড দেখতে চান। এরপরই তিনজনকে মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই জুয়েল রানা মারা যান। আহত অন্য দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিযায়ী শ্রমিকদের একটি সংগঠনের দাবি, কেন্দ্রীয় সরকারের বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তকরণ কার্যক্রমের প্রেক্ষাপটে বাংলাভাষী মুসলমানরা বিভিন্ন রাজ্যে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত হয়ে বারবার গণপিটুনির শিকার হচ্ছেন।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে সহকর্মী নির্মাণ শ্রমিক পল্টু শেখ বলেন, জুয়েল ও আরও দুইজন রাতের খাবার খেয়ে বাইরে বিড়ি খেতে বের হলে স্থানীয় একদল ব্যক্তি প্রথমে বিড়ি চায়। এরপর পরিচয় জানতে চেয়ে সন্দেহ প্রকাশ করে এবং আধার কার্ড আনতে ঘরে যাওয়ার মধ্যেই মারধর শুরু করে।
আরেক শ্রমিক সাদ্দাম হুসেন বলেন, চিৎকার শুনে তারা বাইরে এসে দেখেন হামলাকারীরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে গেছে। পরে আহতদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জুয়েল রানাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, নিহতের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং পরিবারকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে।
উল্লেখ্য, চলতি ডিসেম্বর মাসেই ভারতের বিভিন্ন রাজ্যে ‘বাংলাদেশি’ সন্দেহে গণপিটুনির একাধিক ঘটনা ঘটেছে। এর মধ্যে বিহারে ধর্মীয় পরিচয়ের কারণে এক মুসলিম ফেরিওয়ালার মৃত্যু হয়। কেরালায় একজন দলিত হিন্দুকেও বাংলাদেশি সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়। সর্বশেষ ঘটনাটি ঘটল ওড়িশায়।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের বাইরে কর্মরত বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের প্রতি সন্দেহ ও সহিংসতা উদ্বেগজনক হারে বাড়ছে, যা মানবাধিকার পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।

























