থাইল্যান্ডের এফ-১৬ হামলা: কম্বোডিয়ার চৌক চে গ্রামে ৪০টি বোমা
- প্রকাশঃ ০৪:৪৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
- / 73
ফাইল ছবি। সংগৃহীত
থাইল্যান্ডের বিমান বাহিনী এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করে কম্বোডিয়ার বান্তে মিঞ্চে প্রদেশের চৌক চে গ্রামে ধারাবাহিক হামলা চালিয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) কম্বোডিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমান হামলার সময় গ্রামে প্রায় ৪০টি বোমা ফেলা হয়েছে।
হামলার পর থাই বাহিনী ট্যাংক এবং সাঁজোয়া যান নিয়ে কম্বোডিয়ার ভূখণ্ডে প্রবেশ করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল মালি সোচেতা বলেন, “বোমাবর্ষণের পরও থাই বাহিনী আমাদের বসতিতে পদাতিক এবং সাঁজোয়া যান পাঠিয়েছে এবং আগ্রাসন অব্যাহত রেখেছে।”
উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে ছোট অস্ত্র নিয়ে নতুন করে সংঘর্ষ শুরু হয়। কম্বোডিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘর্ষের পূর্বেই থাই বাহিনী কয়েকদিন ধরে উস্কানিমূলক কর্মকাণ্ড চালিয়েছে এবং পরে আমাদের অবস্থানগুলোতে আক্রমণ করেছে।
এর আগে, ১২ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতাদের সঙ্গে ফোনে আলোচনা করে দুই দেশের মধ্যে শত্রুতা বন্ধ এবং শান্তি চুক্তি পুনরায় বাস্তবায়নের আহ্বান জানান। তবে হামলা ও সংঘর্ষের ঘটনা এরপরও চলছেই।

























