মাদুরোকে আটকের অভিযানে ভেনেজুয়েলায় অন্তত ৪০ জন নিহত
- প্রকাশঃ ০১:০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
- / 66
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে চালানো যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সামরিক অভিযানে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিকের পাশাপাশি দেশটির সেনাসদস্যও রয়েছেন বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
নিউইয়র্ক টাইমস এক জ্যেষ্ঠ ভেনেজুয়েলান কর্মকর্তার বরাতে জানায়, মার্কিন হামলায় উল্লেখযোগ্য প্রাণহানি ঘটেছে। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, নিহতদের মধ্যে সাধারণ মানুষ ও সামরিক বাহিনীর সদস্য উভয়ই রয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, ভেনেজুয়েলার ভূখণ্ডে সেনা নামানোর আগে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করতে বড় পরিসরে সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানানো হয়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে ১৫০টির বেশি মার্কিন যুদ্ধবিমান মোতায়েন করা হয়। এর ফলে সামরিক হেলিকপ্টারগুলো নিরাপদে সেনা নামাতে সক্ষম হয়। পরে ওই সেনারাই প্রেসিডেন্ট মাদুরোর অবস্থান লক্ষ্য করে অভিযান চালায়।
হতাহতের প্রকৃত সংখ্যা কিংবা অভিযানের বিস্তারিত জানতে চাইলে হোয়াইট হাউস ও পেন্টাগনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সময় শনিবার ভোরে মার্কিন বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে দেশটির বাইরে নিয়ে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এ ঘটনার প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযানোকে শক্তিশালী ও চমকপ্রদ প্রদর্শন হিসেবে আখ্যা দেন।
ট্রাম্প বলেন, নিরাপদ, সঠিক ও বিচক্ষণ রাজনৈতিক রূপান্তর নিশ্চিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা পরিচালনা করবে।
এদিকে নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল কৌঁসুলিরা শনিবার প্রকাশিত এক অভিযোগপত্রে নিকোলাস মাদুরো ও সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে কোকেন পাচারসহ একাধিক গুরুতর অপরাধের অভিযোগ এনেছেন।
অন্যদিকে সমালোচকেরা বলছেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের এই সামরিক অভিযান আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তাদের মতে, কংগ্রেসের অনুমোদন ছাড়াই এ ধরনের অভিযান চালানো হয়েছে, যা লাতিন আমেরিকা অঞ্চলে নতুন করে অস্থিতিশীলতা সৃষ্টির ঝুঁকি বাড়াতে পারে।
তথ্যসূত্র: টিআরটি ওয়ার্ল্ড, নিউইয়র্ক টাইমস

























