যুক্তরাষ্ট্রের জ্বালানি শক্তির প্রাণকেন্দ্র হবে ভেনেজুয়েলা: মাচাদো
- প্রকাশঃ ০২:২০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
- / 57
ভেনেজুয়েলাকে লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী মিত্র এবং জ্বালানি সম্পদের প্রধান কেন্দ্রে রূপান্তর করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধান বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। সোমবার (৫ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ-এর জনপ্রিয় সঞ্চালক শন হ্যানিটির সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।
সাক্ষাৎকারে মাচাদো ৩ জানুয়ারিকে একটি ‘ঐতিহাসিক দিন’ হিসেবে উল্লেখ করে বলেন, ওই দিন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আটকের মধ্য দিয়ে ‘ন্যায়বিচারের হাতে স্বৈরাচারের পরাজয়’ নিশ্চিত হয়েছে। তার ভাষায়, এ ঘটনা শুধু ভেনেজুয়েলার জন্য নয়, বরং বিশ্বব্যাপী স্বাধীনতা ও মানবিক মর্যাদা রক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
ভেনেজুয়েলার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে মাচাদো বলেন, মাদুরো পরবর্তী সরকার যুক্তরাষ্ট্রের নিরাপত্তা জোরদারে লাতিন আমেরিকার অপরাধী চক্রগুলোর কার্যক্রম দমনে প্রধান মিত্র হিসেবে ভূমিকা রাখবে। পাশাপাশি বাজার উন্মুক্তকরণ, বিদেশি বিনিয়োগের সুরক্ষা নিশ্চিত করা এবং জ্বালানি খাত সংস্কারের মাধ্যমে ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের জ্বালানি চাহিদার অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত করার প্রতিশ্রুতি দেন তিনি।
একই সঙ্গে দেশ ছেড়ে পালাতে বাধ্য হওয়া লাখো ভেনেজুয়েলান নাগরিককে দেশে ফিরিয়ে এনে একটি শক্তিশালী ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনের স্বপ্নের কথাও জানান মাচাদো। তিনি দাবি করেন, একটি মুক্ত ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে তার দল অন্তত ৯০ শতাংশ ভোট পাবে এবং তিনি ‘যত দ্রুত সম্ভব’ দেশে ফেরার জন্য প্রস্তুত রয়েছেন।
বর্তমানে অজ্ঞাত স্থান থেকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা মাচাদো নবনিযুক্ত অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের তীব্র সমালোচনা করেন। তিনি দেলসিকে ‘নিপীড়ন, দুর্নীতি ও মাদক পাচারের সঙ্গে জড়িত চক্রের অন্যতম’ বলে আখ্যায়িত করেন। তবে প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসন আপাতত দেলসি রদ্রিগেজের সঙ্গেই কাজ করার ইঙ্গিত দিয়েছে এবং নির্বাচন আয়োজনের সময়সীমা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতপার্থক্য রয়েছে।
উল্লেখ্য, ফক্স নিউজ-এর প্রতিবেদনে দাবি করা হয়, গত শনিবার মার্কিন এলিট ডেল্টা ফোর্সের সদস্যরা রাজধানী কারাকাস থেকে নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যান। বর্তমানে তারা নিউইয়র্কের ব্রুকলিনের একটি কারাগারে আটক রয়েছেন। যদিও মাদুরো আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন, মাচাদো এই ঘটনাকে ভেনেজুয়েলায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সূচনা হিসেবে দেখছেন।
সূত্র: ফক্স নিউজ

























