যুদ্ধবিরতির পরও গাজায় প্রাণ হারাল অন্তত ১০০ শিশু: জাতিসংঘ
- প্রকাশঃ ০৯:৪৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
- / 57
তিন মাস আগে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও সেখানে বিমান হামলা ও সহিংসতায় অন্তত ১০০ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) জেনেভায় সাংবাদিকদের এ তথ্য জানান জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার। খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
জেমস এল্ডার বলেন, গত অক্টোবরের প্রথম দিকে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর থেকে গাজায় ১০০ জনের বেশি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ যুদ্ধবিরতির সময় প্রতিদিন গড়ে একজন করে শিশু নিহত হয়েছে।
তিনি জানান, আত্মঘাতী ড্রোন, গোলাবর্ষণ, বিমান হামলা ও ড্রোন হামলার মাধ্যমে এসব শিশু নিহত হয়েছে। চলমান সহিংসতা শিশুদের জীবন ও নিরাপত্তাকে চরম ঝুঁকির মধ্যে ফেলেছে বলে উল্লেখ করেন তিনি।
ইউনিসেফের মুখপাত্র আরও বলেন, যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও শিশুদের হত্যা অব্যাহত থাকা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। গাজার শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর ও স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করার আহ্বান জানায় সংস্থাটি।

























