ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধস: সাতজন নিহত, নিখোঁজ অন্তত ৮২
- প্রকাশঃ ১২:২৪:১৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- / 49
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের পশ্চিম বান্দুং অঞ্চলে সংঘটিত ভূমিধসে অন্তত সাতজন নিহত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৮২ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা।
সংস্থাটির মুখপাত্র আব্দুল মুহারির জানান, নিখোঁজের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি হওয়ায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হচ্ছে। দুর্গম এলাকায় ভারী মাটি ও ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে বিশেষ উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।
দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ভূমিধসের আগে পশ্চিম জাভা প্রদেশে এক সপ্তাহ ধরে ভারি বৃষ্টিপাত ও চরম আবহাওয়ার সতর্কতা জারি ছিল। টানা বৃষ্টির কারণে পাহাড়ি ঢালে মাটি আলগা হয়ে এ বিপর্যয় ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
মাত্র দুই মাসেরও বেশি সময়ের মধ্যে এটি জাভা দ্বীপে দ্বিতীয় বড় ধরনের ভূমিধসের ঘটনা। এর আগে গত ১৩ নভেম্বর কয়েক দিনের ভারি বৃষ্টিপাতের পর সিবেউনিং গ্রামে সংঘটিত ভূমিধসে ১১ জন প্রাণ হারান।
প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
সূত্র: এবিসি নিউজ

























