পারিবারিক বিরোধে যুক্তরাষ্ট্রে স্ত্রীসহ চার স্বজনকে গুলি করে হত্যা
- প্রকাশঃ ০২:৪৯:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
- / 50
মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীসহ চার স্বজনকে গুলি করে হত্যার অভিযোগে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। আটলান্টায় অবস্থিত ভারতীয় কনস্যুলেটের বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, শুক্রবার ভোরে লরেন্সভিল শহরের একটি বাসভবনে এ গুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। ঘটনার সময় বাড়িতে তিনটি শিশু উপস্থিত ছিল।
ঘটনায় শোক প্রকাশ করে আটলান্টায় নিযুক্ত ভারতের কনস্যুলেট জেনারেল এক বিবৃতিতে জানায়, পারিবারিক বিরোধ থেকে সৃষ্ট এই মর্মান্তিক ঘটনায় তারা গভীরভাবে শোকাহত। নিহতদের মধ্যে একজন ভারতীয় নাগরিক ছিলেন। অভিযুক্ত হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং শোকাহত পরিবারকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।
ফক্স ৫ আটলান্টার প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত ব্যক্তির নাম বিজয় কুমার (৫১), তিনি আটলান্টার বাসিন্দা। গুইনেট কাউন্টি পুলিশের তথ্য অনুযায়ী, নিহতরা হলেন অভিযুক্তের স্ত্রী মীমু ডোগরা (৪৩), গৌরব কুমার (৩৩), নিধি চন্দর (৩৭) ও হরিশ চন্দর (৩৮)।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে চারটি অ্যাগ্রাভেটেড অ্যাসল্ট (গুরুতর হামলা), চারটি ফেলনি মার্ডার (ফৌজদারি হত্যা), চারটি ম্যালিস মার্ডার (উদ্দেশ্যপ্রণোদিত হত্যা), প্রথম ডিগ্রিতে শিশুদের প্রতি নিষ্ঠুরতার একটি এবং তৃতীয় ডিগ্রিতে শিশুদের প্রতি নিষ্ঠুরতার দুটি অভিযোগ আনা হয়েছে।
গুইনেট কাউন্টি পুলিশের বরাতে জানা যায়, শুক্রবার ভোর আনুমানিক ২টা ৩০ মিনিটে ব্রুক আইভি কোর্টের ১০০০ ব্লকের একটি বাসা থেকে জরুরি নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে একটি আবাসিক ভবনের ভেতরে চারজন প্রাপ্তবয়স্কের মরদেহ পাওয়া যায়। সবার শরীরে গুলিবিদ্ধ হয়ে প্রাণঘাতী আঘাতের চিহ্ন ছিল।
পুলিশ কর্মকর্তারা জানান, ঘটনার সময় বাড়িতে থাকা তিন শিশু নিজেদের রক্ষায় একটি আলমারির ভেতরে লুকিয়ে পড়ে। শিশুদের একজন ৯১১ নম্বরে ফোন করে গুরুত্বপূর্ণ তথ্য দেয়, যার ফলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয়। শিশুরা কেউ আহত হয়নি এবং পরে পরিবারের এক সদস্য তাদের নিরাপদে নিয়ে যান।
ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

























