ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। রোববার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে বঙ্গভবনে দু’নেতার এই সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও ভুটানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বহুমুখী সহযোগিতা নিয়ে আলোচনা হয়। উভয় নেতা বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক সময়ের সঙ্গে আরও দৃঢ় হয়েছে এবং ভবিষ্যতে তা আরও বিস্তৃত ও গভীর হবে।
বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে দুই পক্ষ গঠনমূলক ও ফলপ্রসূ আলোচনা করেন। আলোচনায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় অর্থনৈতিক অংশীদারিত্ব বাড়ানো, নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা এবং দু’দেশের জনগণের জন্য আরও সহজতর যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার ওপর।
বৈঠকে রাষ্ট্রপতির বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরুদ্দিন, ঢাকায় নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত কর্মা হামু দর্জি এবং ভুটানের প্রধানমন্ত্রীর সফরসঙ্গী প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
দু’দেশের নেতৃত্ব আশা প্রকাশ করেন, ভবিষ্যতে ঘনিষ্ঠ সহযোগিতা ও উচ্চপর্যায়ের সফর বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ-ভুটান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গতিশীল রূপ পাবে।

















