বিশ্বের জনবহুল শহরের তালিকায় দ্বিতীয় স্থানে ঢাকা
- প্রকাশঃ ০২:৫১:০০ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / 143
বিশ্বের সবচেয়ে জনবহুল শহরের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বর্তমানে সাড়ে তিন কোটিরও বেশি মানুষ বসবাস করছে শহরটিতে। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগের (ইউএন ডিইএসএ) সাম্প্রতিক প্রতিবেদন ‘ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টাস ২০২৫’-এ উঠে এসেছে এই তথ্য।
জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের জনবহুল শহরের তালিকায় শীর্ষস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। শহরটিতে এখন বসবাস করছে প্রায় ৪ কোটি ১৯ লাখ মানুষ। অথচ ২০১৮ সালের জরিপে জনসংখ্যার দিক থেকে জাকার্তার অবস্থান ছিল ৩০তম; তখন জনসংখ্যা ছিল মাত্র এক কোটি ২০ লাখ।
এদিকে ঢাকা ২০১৮ সালে ছিল তালিকার নবম স্থানে। কিন্তু রাজধানীকেন্দ্রিক অর্থনীতি, ব্যবসায়িক বিস্তার, নগরমুখী জনস্রোত এবং জলবায়ু পরিবর্তনজনিত বাস্তুচ্যুতি—এসব কারণ মিলিয়ে শহরটিতে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে দ্রুতগতিতে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০৫০ সালের মধ্যেই বিশ্বের সবচেয়ে জনবহুল শহরে পরিণত হবে ঢাকা; তখন জনসংখ্যা ছাড়াবে পাঁচ কোটি।
মেগাসিটির তালিকায় বরাবরের মতোই রয়েছে চীন ও ভারতের একাধিক শহর। ৩ কোটির বেশি জনসংখ্যা নিয়ে র্যাংকিংয়ের চতুর্থ স্থানে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। প্রায় ২ কোটি ২৫ লাখ বাসিন্দার কলকাতা রয়েছে নবম স্থানে। চীনের সাংহাই ও গুয়াংজুর অবস্থান যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ স্থানে; দুই শহরেরই জনসংখ্যা প্রায় তিন কোটি ছুঁইছুঁই।
এদিকে বিশ্বের জনবহুল শহরগুলোর তালিকায় শীর্ষস্থান থেকে তৃতীয় স্থানে নেমে গেছে জাপানের রাজধানী টোকিও। শহরটিতে বর্তমানে বসবাস করছে প্রায় ৩ কোটি ৩৪ লাখ মানুষ।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বের মোট ৩৩টি মেগাসিটির মধ্যে ১৯টিই এশিয়ায় অবস্থিত; এর মধ্যে শীর্ষ দশের নয়টিই এশিয়ার শহর। তালিকার বাইরে থাকা একমাত্র অ-এশীয় শহর হলো মিশরের রাজধানী কায়রো, যার অবস্থান শীর্ষ দশে।

















