সুদানে ড্রোন হামলায় শহীদ ৬ বাংলাদেশি শান্তিরক্ষী, আহত ৮ জনের পরিচয় প্রকাশ
- প্রকাশঃ ০৪:০৮:২৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
- / 79
সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন একটি ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত ও আহত বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিচয় প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ হামলায় দায়িত্ব পালনরত ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৮ জন।
রোববার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে হতাহত শান্তিরক্ষীদের বিস্তারিত পরিচয় জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শহীদ বাংলাদেশি শান্তিরক্ষীরা হলেন— কর্পোরাল মো. মাসুদ রানা, এএসসি (নাটোর); সৈনিক মো. মমিনুল ইসলাম, বীর (কুড়িগ্রাম); সৈনিক শামীম রেজা, বীর (রাজবাড়ী); সৈনিক শান্ত মণ্ডল, বীর (কুড়িগ্রাম); মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ) এবং লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া (গাইবান্ধা)।
ড্রোন হামলায় আহত আটজন বাংলাদেশি শান্তিরক্ষী হলেন— লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান, পিএসসি, অর্ডন্যান্স (কুষ্টিয়া); সার্জেন্ট মো. মোস্তাকিম হোসেন, বীর (দিনাজপুর); কর্পোরাল আফরোজা পারভিন ইতি, সিগন্যালস (ঢাকা); ল্যান্স কর্পোরাল মহিবুল ইসলাম, ইএমই (বরগুনা); সৈনিক মো. মেজবাউল কবির, বীর (কুড়িগ্রাম); সৈনিক মোসা. উম্মে হানি আক্তার, ইঞ্জিনিয়ার (রংপুর); সৈনিক চুমকি আক্তার, অর্ডন্যান্স (মানিকগঞ্জ) এবং সৈনিক মো. মানাজির আহসান, বীর (নোয়াখালী)।
বাংলাদেশ সেনাবাহিনী জানায়, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে সৈনিক মো. মেজবাউল কবিরের অবস্থা গুরুতর হওয়ায় তার সফল অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে এবং তিনি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। আহত অপর সাতজনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে অন্যত্র স্থানান্তর করা হয়েছে এবং তারা সবাই শঙ্কামুক্ত রয়েছেন।
উল্লেখ্য, শনিবার সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেসে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর পরিচালিত একটি ড্রোন হামলা সংঘটিত হয়। এতে এই মর্মান্তিক হতাহতের ঘটনা ঘটে।
বাংলাদেশ সেনাবাহিনী এই নৃশংস সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে, শহীদ শান্তিরক্ষীদের আত্মত্যাগ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকারের এক উজ্জ্বল ও গৌরবময় দৃষ্টান্ত হয়ে থাকবে। একই সঙ্গে শহীদদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।


























