শনিবার দেশে ফিরছে সুদানে সন্ত্রাসী হামলায় নিহত ৬ শান্তিরক্ষীর মরদেহ
- প্রকাশঃ ১১:১৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
- / 85
সুদানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ছয় শান্তিরক্ষীর মরদেহ আগামী শনিবার (২০ ডিসেম্বর) দেশে পৌঁছাতে পারে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বুধবার (১৭ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, মরদেহগুলো ঢাকায় পৌঁছানোর পর রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় তাঁদের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় প্রাথমিকভাবে আটজন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হন। পরবর্তীতে আরও একজন শান্তিরক্ষী আহত হওয়ার তথ্য নিশ্চিত হওয়ায় আহতের সংখ্যা দাঁড়িয়েছে নয়জন।
আহত শান্তিরক্ষীদের দ্রুত সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হয়েছে বলে জানায় আইএসপিআর। বর্তমানে তাঁরা কেনিয়ার রাজধানী নাইরোবির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে একজনকে ইতিমধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকিরা চিকিৎসাধীন থাকলেও সবাই শঙ্কামুক্ত রয়েছেন।
প্রসঙ্গত, গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘের ঘাঁটিতে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর চালানো ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত হন এবং আরও নয়জন আহত হন। আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত অবস্থায় এই প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকার ও সেনাবাহিনী।


























