শেখ হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ
- প্রকাশঃ ১২:০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
- / 97
বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেল (জেআইসি)-এ গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক এবং সাবেক ও বর্তমান মোট ১১ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ আজ দেওয়া হতে পারে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১-এর বিচারিক প্যানেল এ বিষয়ে আদেশ দিতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এর আগে গত ৭ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের শুনানি সম্পন্ন করে। এ মামলায় আসামিদের বিরুদ্ধে মোট পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়।
শুনানিতে রাষ্ট্রপক্ষ জানায়, জেআইসি সেলে শত শত মানুষকে অবৈধভাবে আটক রেখে নির্যাতন করা হয়েছে। রাষ্ট্রপক্ষের বক্তব্য অনুযায়ী, আবদুল্লাহিল আমান আযমী ও মাইকেল চাকমাসহ অন্তত ২৬ জন ব্যক্তি নির্যাতনের শিকার হওয়ার পর মুক্তি পান। অভিযোগে বলা হয়, গুম ও নির্যাতনের নীতিগত সিদ্ধান্ত ও নির্দেশনা দিতেন শেখ হাসিনা এবং তা বাস্তবায়ন করতেন তাঁর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের মাধ্যমে সংশ্লিষ্ট সেনা কর্মকর্তারা।
অন্যদিকে, অভিযোগ গঠনের বিরোধিতা করে শেখ হাসিনাসহ অন্য আসামিদের আইনজীবীরা আদালতে অব্যাহতির আবেদন জানিয়ে শুনানি করেন।
এই মামলায় শেখ হাসিনা ও তারিক আহমেদ সিদ্দিক ছাড়াও ডিজিএফআইয়ের সাবেক পাঁচজন মহাপরিচালক, পাঁচজন পরিচালক এবং একজন সাবেক লেফটেন্যান্ট কর্নেলকে আসামি করা হয়েছে। তবে এ মামলায় এখন পর্যন্ত তিনজন আসামি গ্রেপ্তার রয়েছেন।
এদিকে, জুলাই আন্দোলন ঘিরে রাজধানীর চানখারপুল এলাকায় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে আজ দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করা হবে।


























