জুলাই–আগস্টের হত্যাযজ্ঞ মামলা: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- প্রকাশঃ ০২:২৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
- / 51
জুলাই–আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞ ও আন্দোলন দমনের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে অভিযোগ আমলে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দেন।
ওবায়দুল কাদের ছাড়া মামলার অন্য আসামিরা হলেন—আওয়ামী লীগ নেতা বাহাউদ্দীন নাসিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলি আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি হাসান ইনান।
এর আগে বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২-এর রেজিস্ট্রারের কাছে ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। অভিযোগে বলা হয়, গত জুলাই–আগস্টের আন্দোলন দমনে পরিকল্পিতভাবে সহিংসতা, হত্যা ও নিপীড়ন চালানো হয়।
প্রসিকিউশনের অভিযোগে আরও উল্লেখ করা হয়, ওবায়দুল কাদেরের উস্কানি ও নির্দেশনায় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর দমন-পীড়ন চালায়। এতে বহু হতাহতের ঘটনা ঘটে বলে অভিযোগে দাবি করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে প্রাথমিকভাবে অভিযোগের উপাদান রয়েছে বলে মনে করে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবীদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


























