সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাবি কেন্দ্রীয় মসজিদে আনা হবে শহীদ ওসমান হাদি
- প্রকাশঃ ০৩:৪০:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
- / 77
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আনা হবে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ওসমান হাদিকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
ইনকিলাব মঞ্চ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় জানায়, শহীদ ওসমান হাদিকে গ্রহণ করতে এয়ারপোর্ট থেকে শাহবাগগামী সড়কের দুই পাশে সুশৃঙ্খলভাবে অবস্থান নিতে নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। বার্তায় বলা হয়, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সাহসী ভূমিকা রাখা এই নেতাকে যথাযথ মর্যাদায় গ্রহণ করা হবে।
সংগঠনটি আরও জানায়, বিমানবন্দর থেকে মরদেহ সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে, যেখানে সর্বসাধারণ তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে পারবেন।
উল্লেখ্য, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত পৌনে ১০টার দিকে শরিফ ওসমান বিন হাদি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে আজ সারা দেশে বাদ জুমা বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শরিফ ওসমান হাদি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছিলেন। গত ১২ ডিসেম্বর দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অস্ত্রোপচারের পর অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়।
শহীদ ওসমান হাদির মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মরদেহ দেশে পৌঁছানোকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।


























