শহীদ ওসমান হাদি হত্যার বিচারসহ ৫ দাবিতে ৯ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করবে ইসলামী আন্দোলন
- প্রকাশঃ ১২:৩৭:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
- / 37
ছবি: সংগৃহীত
শহীদ ওসমান হাদির প্রকৃত খুনিদের গ্রেফতার, আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি, অবৈধ অস্ত্র উদ্ধার, সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং গণভোটের মাধ্যমে জুলাই সনদের পক্ষে জনমত গড়ে তোলার দাবিতে আগামী ৯ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
বৈঠকে চরমোনাই পীর বলেন, শহীদ ওসমান হাদিসহ বিভিন্ন হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত অপরাধীদের এখনো আইনের আওতায় আনতে না পারা সরকারের চরম ব্যর্থতার পরিচায়ক। তিনি অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানান।
তিনি আরও বলেন, দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হলে অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর উদ্যোগ নিতে হবে। পাশাপাশি সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করে একটি গ্রহণযোগ্য রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করা জরুরি।
এ ছাড়া তিনি জুলাই সনদের পক্ষে গণভোট আয়োজনের মাধ্যমে দেশব্যাপী জনমত গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, সহকারী মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ঘোষিত মহাসমাবেশের মাধ্যমে শহীদ ওসমান হাদি হত্যার বিচারসহ জুলাই সনদের পক্ষে দেশব্যাপী শক্তিশালী জনমত গড়ে উঠবে।





























