তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে আনন্দমিছিল শেষে বিএনপি নেতার মৃত্যু
- প্রকাশঃ ০৭:৪২:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
- / 72
বিএনপি নেতা আবুল বশর। ছবি: সংগৃহীত
চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত আনন্দমিছিল শেষে দলটির এক নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (গতকাল) সন্ধ্যায় উপজেলার ইছাখালী ইউনিয়নের টেকেরহাট বাজারে জিয়া স্মৃতি সংসদ কার্যালয়ে এ ঘটনা ঘটে।
নিহত বিএনপি নেতার নাম আবুল বশর (৫৫)। তিনি ইছাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চুনিমিঝির টেক গ্রামের বাসিন্দা এবং মৃত আহাম্মদ হকের ছেলে। আবুল বশর ইছাখালী ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন।
দলীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় তারেক রহমানের আগমন উপলক্ষে ইউনিয়ন বিএনপির উদ্যোগে একটি আনন্দমিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে কার্যালয়ে পৌঁছানোর পর আবুল বশর হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ইছাখালী ইউনিয়ন কৃষক দলের সভাপতি জিয়াউর রহমান বলেন, তিনি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে আনন্দমিছিলে অংশ নিয়েছিলেন। মিছিল শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু তাঁকে আর বাঁচানো যায়নি।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাজু সিংহ জানান, আবুল বশর নামের একজনকে বৃহস্পতিবার সন্ধ্যায় মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন।
আজ শুক্রবার বেলা ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আবুল বশরের মরদেহ দাফন করা হয়। তাঁর আকস্মিক মৃত্যুতে ইউনিয়ন ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।


























