মনোনয়ন ফরম তুলেও জমা দেননি ৮২৫ জন: ৩০০ আসনে মনোনয়ন দাখিল ২,৫৮২ জনের
- প্রকাশঃ ০১:২৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- / 64
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র দাখিলের প্রক্রিয়া শেষ হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, সোমবার (শেষ দিন) পর্যন্ত দেশের ৬৪ জেলা ও ৩০০ সংসদীয় আসনে মোট ২ হাজার ৫৮২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ইসি সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মোট ৩ হাজার ৪০৭ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তবে তাদের মধ্যে ৮২৫ জন শেষ পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেননি।
ইসি থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, ১০টি নির্বাচনী অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি মনোনয়নপত্র জমা পড়েছে ঢাকা বিভাগে। ঢাকা অঞ্চলের ৪১টি আসনে ৪৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ অঞ্চলে ফরম তুলেছিলেন ৬৩৮ জন, যার মধ্যে ১৯৪ জন জমা দেননি।
কুমিল্লা অঞ্চলের ৩৫টি আসনে ৪৯৬ জন প্রার্থী মনোনয়ন ফরম তুললেও জমা দিয়েছেন ৩৬৫ জন। ফলে ১৩১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি। রংপুর অঞ্চলে ৩৩৮ জন ফরম তুলেছিলেন, এর মধ্যে ২৭৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। রাজশাহী অঞ্চলে ৩২৯ জন ফরম সংগ্রহ করলেও দাখিল করেছেন ২৬০ জন।
খুলনা অঞ্চলে ৩৫৮ জন প্রার্থী মনোনয়ন ফরম তুলেছিলেন, তবে জমা দিয়েছেন ২৭৬ জন। বরিশাল অঞ্চলে ২১২ জন ফরম সংগ্রহ করে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৬৬ জন। ফরিদপুর অঞ্চলেই সবচেয়ে কম সংখ্যক মনোনয়নপত্র জমা পড়েছে—এখানে ১৬৫ জন ফরম তুললেও জমা দিয়েছেন ১৪২ জন।
ময়মনসিংহ অঞ্চলে ৪০২ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়ন ফরম তুলেছিলেন, যার মধ্যে ৩১১ জন জমা দিয়েছেন। সিলেট অঞ্চলে ১৭৬ জন ফরম সংগ্রহ করলেও মনোনয়নপত্র দাখিল করেছেন ১৪৬ জন।
বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রাম অঞ্চলের ২৩টি সংসদীয় আসনে ২৯৩ জন মনোনয়ন ফরম তুললেও জমা দিয়েছেন ১৯৪ জন।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) থেকে ৪ জানুয়ারি (রোববার) পর্যন্ত। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ জানুয়ারি (সোমবার) থেকে ৯ জানুয়ারি (শুক্রবার) পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ জানুয়ারি (শনিবার) থেকে ১৮ জানুয়ারি (রোববার) পর্যন্ত।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি (মঙ্গলবার)। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি (বুধবার)।
ইসি জানিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।


























