আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলো বাংলাদেশ
- প্রকাশঃ ০১:২৩:১৯ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
- / 78
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (৪ জানুয়ারি) ঘোষিত এই স্কোয়াডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন দাস, আর সহ-অধিনায়ক করা হয়েছে সাইফ হাসানকে।
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাট হাতে ভালো ছন্দে থাকা টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বিশ্বকাপ দলে জায়গা পাননি। একটি সেঞ্চুরিসহ ধারাবাহিক পারফরম্যান্সের পরও তার বাদ পড়া ক্রিকেট মহলে আলোচনার জন্ম দিয়েছে। একইভাবে উইকেটকিপার ব্যাটার জাকের আলী অনিক এবং সাম্প্রতিক সময়ে ভালো পারফর্ম করা পেসার রিপন মন্ডলের নামও নেই স্কোয়াডে।
১৫ সদস্যের দলে পাঁচজন পেসার ও তিনজন বিশেষজ্ঞ স্পিনার রেখেছে নির্বাচকরা। ব্যাটিং ও অলরাউন্ড সামর্থ্যের সমন্বয়ে দল সাজানোর চেষ্টা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। একই ভেন্যুতে ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষেও গ্রুপ পর্বের ম্যাচ খেলবে লিটন দাসের দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে খেলতে মুম্বাই যাবে লাল-সবুজের প্রতিনিধিরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দল
লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, সাইফুদ্দিন ও শরীফুল ইসলাম।


























