রাঙ্গুনিয়ায় বিলে মিলল স্কুলছাত্রের গলাকাটা মরদেহ
- প্রকাশঃ ০২:৪৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
- / 59
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি বিল থেকে এক স্কুলছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার পারুয়া ইউনিয়নের হাজারীহাটের পূর্ব পাশে অবস্থিত হাজারী বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত স্কুলছাত্রের নাম মোহাম্মদ শাহেদ ইসলাম (১৭)। তিনি পারুয়া ইউনিয়নের পূর্ব সাহাব্দী নগর মহৎ পাড়া গ্রামের দুবাইপ্রবাসী মোহাম্মদ আব্দুল মোনাফের ছেলে এবং পারুয়া সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ছয়টার দিকে শাহেদ ইসলাম বাড়ি থেকে বের হন। এরপর আত্মীয়-স্বজন ও বন্ধুদের কাছে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে রাতেই পরিবারের পক্ষ থেকে রাঙ্গুনিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা বাড়ির পাশের বিলের ক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন জানান, স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মৃত্যুর কারণ ও ঘটনার পেছনের পরিস্থিতি জানতে তদন্ত চলছে।


























