গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাবে অন্তর্বর্তী সরকার: প্রেসসচিব
- প্রকাশঃ ০৭:৫৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
- / 53
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অন্তর্বর্তী সরকার প্রচারণা চালাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেন, এ ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই বলে আইন বিশেষজ্ঞরা মত দিয়েছেন।
রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দাবি করেন, দেশে বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো রয়েছে।
প্রেসসচিব জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে গণভোট আয়োজনের পরিকল্পনাও রয়েছে। গণভোটে চারটি প্রশ্ন থাকবে, যেখানে ভোটাররা ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিতে পারবেন।
নির্বাচন প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক হয়েছে। ওই বৈঠকে ইইউ আসন্ন নির্বাচনে বড় একটি পর্যবেক্ষক দল পাঠানোর কথা জানিয়েছে। তিনি উল্লেখ করেন, আগের তিনটি নির্বাচন গ্রহণযোগ্য না হওয়ায় ইইউ তখন কোনো পর্যবেক্ষক দল পাঠায়নি।
তিনি আরও বলেন, “নির্বাচন ঘিরে এখন পর্যন্ত একটি ভালো লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে। সরকার কোনো রাজনৈতিক দলকে অতিরিক্ত সুবিধা দিচ্ছে না।”
তবে নির্বাচনের ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যম বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেন প্রেসসচিব। তার ভাষায়, পতিত সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরা নির্বাচনকে ঘিরে মিসইনফরমেশন ছড়াতে পারে। এ বিষয়ে সরকার সতর্ক রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি প্রস্তুত বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে সিনিয়র সহকারী প্রেসসচিব ফয়েজ আহমেদ বলেন, নরসিংদীতে মুদি ব্যবসায়ী মণি চক্রবর্তী হত্যাকাণ্ডটি পারিবারিক কলহের জেরে ঘটেছে, এটি কোনো সাম্প্রদায়িক হামলা নয়। তিনি স্পর্শকাতর বিষয়ে বক্তব্য দেওয়ার আগে বিশিষ্ট ব্যক্তি ও সংশ্লিষ্ট সবাইকে যাচাই-বাছাই করে মন্তব্য করার আহ্বান জানান।


























