অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নির্বাচনকালীন সময়ে অন-অ্যারাইভাল ভিসা সাময়িক বন্ধ
- প্রকাশঃ ০৭:২৬:২২ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / 40
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং হঠাৎ বিদেশিদের আগমন নিয়ন্ত্রণে রাখতে সাময়িকভাবে অন-অ্যারাইভাল ভিসা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে নিয়মিত ভিসা কার্যক্রম বন্ধ হচ্ছে না বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ সিদ্ধান্তের কথা জানান।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির চেষ্টা হতে পারে। অনেকেই, যারা কাম্য নয়, তারা হুট করে দেশে এসে হাজির হতে পারে। সে কারণেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি স্পষ্ট করে বলেন, আমরা ভিসা বন্ধ করছি না। যাদের উদ্দেশ্য পরিষ্কার এবং যারা আগেভাগে ভিসা নিয়ে আসবেন, তাদের দেশে প্রবেশে কোনো বাধা থাকবে না।
প্রেস ব্রিফিংয়ে বাহরাইনে একটি বাসায় পোস্টাল ব্যালট গণনার ভাইরাল ভিডিও নিয়েও কথা বলেন তৌহিদ হোসেন। তিনি বলেন, ভিডিওটি আমি দেখেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আমি জেনেছি।
গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষা বাহিনীতে বাংলাদেশের সৈন্য পাঠানোর সম্ভাবনা প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
তিনি জানান, এটি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। কারা থাকবে, কী ধরনের ম্যান্ডেট হবে—কিছুই চূড়ান্ত হয়নি। যে তিনটি শর্তের কথা বলা হয়েছে, সেগুলো পূরণ না হলে কোনো অবস্থাতেই বাংলাদেশ সেখানে যাবে না।
তিনি আরও বলেন, প্রথমত, আমরা যুদ্ধ করতে যাব না। দ্বিতীয়ত, এমন কোনো কর্তৃপক্ষের অধীনে কাজ করব না, যাদের সঙ্গে যোগাযোগ বা সমন্বয় সম্ভব নয়। আমাদের শর্তগুলো পরিষ্কার। সেগুলো পূরণ হলে তবেই আমরা বিষয়টি বিবেচনা করব।
মিয়ানমার সীমান্তে চলমান সংঘাত প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে সংশ্লিষ্ট দেশের রাষ্ট্রদূতকে ডেকে আপত্তি জানানো, যা আমরা করছি। মাঠপর্যায়ে কী ঘটছে, সে বিষয়ে তাৎক্ষণিক তথ্য সব সময় পাওয়া যায় না।
তিনি জানান, এ ইস্যুতে সমন্বয়ের দায়িত্বে থাকা ড. খলিলুর রহমান বর্তমানে দেশের বাইরে রয়েছেন এবং তিনি দেশে ফিরলে বিস্তারিত তথ্য জানাতে পারবেন।


























