মিরপুরের পরিত্যক্ত মার্কেট থেকে যুবকের থেঁতলানো মরদেহ উদ্ধার
- প্রকাশঃ ১১:৪৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / 34
রাজধানীর মিরপুরে দীর্ঘদিনের পরিত্যক্ত একটি সিটি করপোরেশন মার্কেট থেকে এক যুবকের মাথা থেঁতলানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় দুই দিন আগে তাকে হত্যা করা হয়েছে।
শুক্রবার গভীর রাতে মিরপুরের প্যারিস রোডে অবস্থিত ছয়তলা ওই পরিত্যক্ত মার্কেট থেকে দুর্গন্ধ ছড়াতে দেখে স্থানীয়রা বিষয়টি নজরে আনেন। পরে নিচতলায় ঢুকে মরদেহটি দেখতে পেয়ে তারা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় সেনাবাহিনীর সহযোগিতা নেয়। যৌথভাবে তল্লাশি চালিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহত যুবকের নাম সুমন। তিনি স্থানীয় একটি মার্কেটে মোবাইল সার্ভিসিংয়ের কাজ করতেন এবং চলতি মাসের ১২ তারিখ থেকে নিখোঁজ ছিলেন। মরদেহের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছাড়াও শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন পাওয়া গেছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আমগীর জাহান জানান, সুমনের বাড়ি বরিশালের মুলাদী উপজেলায়। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
নিহতের স্বজনরা জানান, নিখোঁজ হওয়ার পর একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সুমনের খোঁজ পাওয়া যায়নি। পরে থানায় সাধারণ ডায়েরি করা হয়।
এলাকাবাসীর অভিযোগ, পরিত্যক্ত মার্কেটটি অপরাধীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। নিরাপত্তার স্বার্থে দ্রুত ভবনটি সংস্কার অথবা ভেঙে ফেলার দাবি জানিয়েছেন স্থানীয়রা।





























