চারটি নতুন থানা, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়কে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার অনুমোদন
- প্রকাশঃ ০৩:১৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- / 24
প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) দেশের চারটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে। এছাড়া মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার প্রস্তাবও কমিটি অনুমোদন করেছে।
আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তাঁর যমুনা বাসভবনে অনুষ্ঠিত নিকারের ১১৯তম সভা অনুষ্ঠিত হয়। এটি অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে নিকারের প্রথম সভা। সভায় মোট ১১টি প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত প্রস্তাব অনুমোদিত হয়।
নতুন থানাগুলো হলো: গাজীপুর জেলার পূর্বাচল উত্তর, নারায়ণগঞ্জ জেলার পূর্বাচল দক্ষিণ, কক্সবাজার জেলার মাতারবাড়ী, নরসিংদী জেলার রায়পুরা (অংশ ভেঙে নতুন থানা)।
এছাড়া, সাতক্ষীরাকে ‘বি’ শ্রেণি থেকে ‘এ’ শ্রেণির জেলায় উন্নীত করার প্রস্তাব অনুমোদিত হয়েছে। ঠাকুরগাঁও জেলার ‘ভূল্লী’ থানার নামের বানান সংশোধনের প্রস্তাবও সভায় অনুমোদন পাওয়া হয়েছে।
সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘স্বাস্থ্য সেবা বিভাগ’ এবং ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ’কে পুনরায় একত্র করে ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাবও অনুমোদিত হয়েছে।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার প্রস্তাব অনুমোদিত হলেও এর ইংরেজি নাম অপরিবর্তিত থাকবে।
অর্থ মন্ত্রণালয়ের আওতায় ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামের দুটি প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাবও সভায় অনুমোদন পেয়েছে। এ বিষয়ে ইতিমধ্যে ২০২৫ সালের রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ জারি করা হয়েছে।
সভায় প্রধান উপদেষ্টা ছাড়াও উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিবসহ সরকারের ১৪ জন সচিব বা জ্যেষ্ঠ সচিব উপস্থিত ছিলেন।






























