ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কিনতে এক কোটি টাকা দিচ্ছে সরকার
- প্রকাশঃ ০৮:২৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- / 18
ঢাকায় একটি ফ্ল্যাট কেনার জন্য ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির পরিবারকে এক কোটি টাকা অনুদান দিচ্ছে সরকার। রাজধানীর লালমাটিয়ায় সরকারি কর্মকর্তাদের জন্য নির্মিত ‘দোয়েল টাওয়ার’ নামের আবাসিক ভবনে ১ হাজার ২১৫ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাট কেনার জন্য এ অর্থ দেওয়া হচ্ছে।
এ–সংক্রান্ত নথিপত্র মঙ্গলবার অনুমোদন দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, “শরিফ ওসমান বিন হাদির পরিবারকে ফ্ল্যাট কেনার জন্য অনুদান হিসেবে এক কোটি টাকা দেওয়া হচ্ছে। আজ আমি এ–বিষয়ক ফাইল অনুমোদন করেছি।” সরকারি অনুদানে কেনা ফ্ল্যাটটি শহীদ ওসমান হাদির স্ত্রী ও সন্তান ব্যবহার করবেন বলেও জানান তিনি।
অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, সম্প্রতি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় শহীদ ওসমান হাদির পরিবারের জন্য ফ্ল্যাট কেনার অনুদান দিতে অর্থ মন্ত্রণালয়ে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগ স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত হওয়ার শর্তে এ অনুদান দেওয়ার প্রস্তাব অনুমোদন করে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন শরিফ ওসমান বিন হাদি। তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টন মডেল থানার বক্স কালভার্ট রোড এলাকায় তাঁকে গুলি করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে অস্ত্রোপচার করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় এবং ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।
শরিফ ওসমান বিন হাদি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ছিলেন। তাঁর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান আসামি ও ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম ভারতে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছিলেন, রাষ্ট্র তাঁর স্ত্রী ও সন্তানের দায়িত্ব নেবে। এ ঘটনায় এক দিনের রাষ্ট্রীয় শোকও পালন করা হয়।
এদিকে, শহীদ ওসমান হাদির ভাই ওমর বিন হাদিকে গত ১৫ জানুয়ারি যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।





























